গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল দ্বগ্ধ মর্জিনা বেগমের । গত ১১ দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মারা যান তিনি ।
এ ঘটনায় স্বামী স্বাধীন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মর্জিনা বেগম(৪০) টাঙ্গাইলের দেলদুয়ারের ইয়াসিন গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং স্বামী স্বাধীন আলী (৫০)সিরাজগঞ্জ সদরের জয়নগর এলাকার মৃত হরফ আলীর ছেলে।
স্থ’ানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরীর কোনাবাড়ির সেলিম নগর এলাকার মমতাজের ভাড়া বাড়িতে সপরিবারে থাকতেন স্বাধীন। দাম্পত্য কলহের জেরে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রী মর্জিনার পরনের কাপড়ে আগুন দেয় স্বাধীন। প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধায় তিনি মারা যান।
জিএমপি কোনাবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাধীন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।





