গাজীপুর প্রতিনিধি:
শনিবার বেলা দেড়টায় গাজীপুর মহানগরের গাছা থানার শরিফপুর এলাকার একটি সবজি ক্ষেত থেকে মহান মুক্তিযুদ্ধে ব্যাবহৃত ৫টি অকেজো মর্টার শেলসহ কিছু যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় উৎসুক জনতা যুদ্ধাস্ত্রগুলো এক নজর দেখার জন্য সেখানে ভীড় জমায়।
গাছা থানার এসআই সাফায়েত ওসমান জানান, শরিফপুর জনৈক সানাউল্লাহ মন্ডলের সবজি ক্ষেতে গর্ত করার সময় মাটির নিচে মর্টারশেলগুলো পায়। পরে থানায় খবর দেওয়া হলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মর্টারশেলগুলো মরিচার স্তর পড়ে গেছে এবং এগুলোর সাথে কিছু ভাঙ্গা যন্ত্রাংশও পাওয়া গেছে বলে তিনি জানান।
এব্যাপারে জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মর্টারশেলগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে
যোগাযোগ করছি।
গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার জানান, শরিফপুর এলাকায় সর্বশেষ ১৪ ডিসেম্বর ছয়দানা মালেকের বাড়ির মাঠে পাক হানাদার বাহিনীর সাথে তাদের সম্মুখ শমর সংঘটিত হয়। সম্ভবত সেই যুদ্ধেই এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল।





