নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বাড়িঘর-দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। অন্ততপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আলাউদ্দিন হাজী ও লিটন গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সমর আলী (৫০)। তিনি আলাউদ্দিন হাজীর সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় উভয় গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে বাড়ি যাওয়ার পথে হাজী আলাউদ্দিনের ওপর লিটন গ্রুপের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। এতে আলাউদ্দিন হাজীসহ তার সমর্থকদের পাঁচজন আহত হন। এ ঘটনায় হাজী আলাউদ্দিনের পক্ষ থেকে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে এ হামলা ও সংঘর্ষের ঘটনার জের ধরে শনিবার সকাল দশটার দিকে আলাউদ্দিন হাজীর সমর্থকরা লিটন গ্রুপের সমর্থকদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন হাজী আলাউদ্দিন গ্রুপের সমর্থক সমর আলী। আহত হন উভয়পক্ষের কম পক্ষে পঁচিশ জন। পরে আহত সমর আলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে তিনি মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





