বাংলাদেশের পর হোল্ডারকেও হারিয়ে দিলেন ব্র্যাথওয়েট

বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এই সফরে উইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার আসেননি করোনা ভয়ে।

ভারপ্রাপ্ত হয়েও ব্র্যাথওয়েটের নিখুঁত অধিনায়কত্বে ক্যারিবীয়রা সিরিজ জয় নিয়ে ফেরে দেশে। হয়তো সেটারই পুরষ্কার পেয়েছেন অ্যান্টিগার এই ব্যাটসম্যান।

শুক্রবার উইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে জেসন হোল্ডারকে সরিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েটকে টেস্টের ৩৭তম অধিনায়ক করার ব্যাপারটি।

হোল্ডার অধিনায়ক থাকাকালীন সময়েও ৭টি টেস্টে নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট। যেখানে বড় সাফল্য বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করা।

জেসন হোল্ডারকে ধন্যবাদ জানিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘আমি জেসন হোল্ডারকে ধন্যবাদ জানাই তার অসাধারণ নেতৃত্বের জন্য। উইন্ডিজ ক্রিকেটকে সে অনেক কিছুই দিয়েছে। আশা করি একই ভাবে সামনেও দিয়ে যাবে।’

ক্রেইগ ব্র্যাথওয়েট

উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, সঠিক সময়ে ক্রেইগ ব্র্যাথওয়েটের কাছে নেতৃত্ব হস্তান্তর করতে পেরেছি। সব শেষ বাংলাদেশ সফরে দারুণ নেতৃত্ব দিয়েছে দলকে। এভাবেই তার হাত ধরে অনেক সাফল্য আসবে উইন্ডিজ ক্রিকেটে।’

টেস্ট দলের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত ক্রেইগ ব্র্যাথওয়েটও। দেশকে নেতৃত্ব দেয়ার মতো গর্বের আর কিছু হতে পারেনা বলেও জানিয়েছেন এই ক্যারিবীয়।

‘সত্যিই আমি সম্মানিত বোধ করছি। এর থেকে বড় গর্বের কিছু নেই। আমি উইন্ডিজ ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের ধন্যবাদ জানাই। সবশেষ বাংলাদেশ সিরিজে যেভাবে নেতৃত্ব দিয়েছি, ভবিষ্যতেও যেন এভাবে নেতৃত্ব দিতে পারি। সবার সহযোগিতা থাকবে আমার সঙ্গে।’

বর্তমানে উইন্ডিজ সফর করছে শ্রীলঙ্কা। এই সফরে রয়েছে দুটি টেস্ট। লঙ্কানদের বিপক্ষেই নিয়মিত অধিনায়ক হিসেবে অভিষেক হবে ক্রেইগ ব্র্যাথওয়েটের।