
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। দলটির জার্সিতে ৫০তম ম্যাচে খেলতে নেমেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। বল হাতে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি।
মঙ্গলবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলে কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানস। ৫০তম ম্যাচের স্মারক হিসেবে মাঠে নামার আগে কোচ ব্রেন্ডন ম্যাককালামের হাতে বিশেষ সম্মাননাও গ্রহণ করেন।
৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়েছেন সাকিব। বাম-হাতি এই স্পিনিং অলরাউন্ডার তুলেছেন একটি উইকেট।
নিজের প্রথম ওভারে চার রান খরচ করেন সাকিব। দ্বিতীয় ও তৃতীয় ওভারে ছয় রান করে দেন। স্পেলের শেষ ওভারের দ্বিতীয় বলে একটি চার হজম করতে হয় সাকিবকে। তবে পরের বলেই সূর্যকুমার জাদবকে ফিরিয়ে দেন বিশ্ব সেরা অলরাউন্ডার। ৩৫ বলে ৫৬ রান করা জাদব শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
আরও পড়ুন…পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ সমতায়
এর আগে টস জেতার পর মুম্বাইকে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট রাইডার্স অধিনায়ক এউইন মরগ্যান।
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এবারের আসরে শুভ সূচনা করে কলকাতা। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে কেকেআর।
মুম্বাই ইন্ডিয়ানস একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, মার্কো জানসেন, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্স
শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, এউইন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।




