নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম সোলাইমান (৪২)।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম সোলাইমান (৪২)।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, নিহত সোলাইমানের দগ্ধ স্ত্রী ও দুই শিশু সন্তানের অবস্থা বর্তমানে ভালোর দিকে। তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে।
এর আগে সোমবার ভোরে জেলার আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের সোলাইমানের নিজেদের এক তলা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আগুনে দগ্ধ হন সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।
আগুনের খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
নিহত সোলাইমানের চাচাতো ভাই ইউনুস জানান, তাদের একতলা বাড়িতে রান্নার জন্য এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে তিনি ধারণা করছেন, কোনোভাবে পাইপ লিকেজ হয়ে নির্গত গ্যাস ঘরে জমে থাকে। পরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে গেলে সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ওই বাড়িতে কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
প্রভাতনিউজ/এনজে





