দল পেলেন না আশরাফুল-নাসির

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৮ম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে।

আজ সোমবার ( ২৭ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ড্রাফট থেকে অনেকে দল পেলেও পাননি এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।

অথচ এ দুজনেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এক সময়। জিতিয়েছেন অনেক ম্যাচ।

সর্বমোট সাত রাউন্ডে ড্রাফট অনুষ্ঠিত হলেও কোনোবারই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি ছয় ফ্র্যাঞ্চাইজিদের কেউ। এছাড়া লেগ স্পিনার নিয়ে অনেক কথা হলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া কেউ দল পাননি।

এক সময়ের আলোচিত এই স্পিনারকে নিয়েছে সিলেট সানরাইজার্স। তিনি সুযোগ পেলেও পাননি গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাওয়া আমিনুল ইসলাম বিপ্লব। গত পাকিস্তান সফরেও খেলেছেন তিনি।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকেও দলে নেয়নি কেউ। হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে নাম করা পেস বোলিং অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমনকেও নেয়নি কোনো দল।

টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহীও সুযোগ পাননি কোথাও। এছাড়া টেস্টের ওপেনার ও গেল পাকিস্তান সফরে টি-টোয়েন্টি অভিষেক হওয়া সাইফ হাসানকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্রভাতনিউজ/এবিএস