টেস্ট নেতৃত্ব সুরক্ষিত নয় বুঝেই হয়তো সরে গেলেন কোহলি

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার দ্রুত সময়ের মধ্যে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল বিরাট কোহলিকে। ঠিক একইভাবে যাতে বোর্ড টেস্ট অধিনায়কত্ব কেড়ে নিতে না পারে, সে করাণেই হয়তো কোহলি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বলে মনে করেন সঞ্জর মঞ্জেরেকার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শেষ হওয়ার পরদিনেই দীর্ঘতম ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। খুব কম সময়ের মধ্যে বিরাট আরসিবির নেতৃত্ব ছাড়া থেকে জাতীয় দলের দুই ফর্ম্যাটের (টি-টোয়েন্টি ও টেস্ট) নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন।

নেতৃত্ব ছাড়ার পিছনে কোহলির মূলত তিনটি কারণের দিকে ইঙ্গিত করেন মঞ্জেরেকার। প্রথমত, কোহলি চাননি তাকে ছেঁটে ফেলা হোক। দ্বিতীয়ত, শাস্ত্রীর জমানায় যতটা স্বাচ্ছন্দ্যে ছিলেন, দ্রাবিড়ের কোচিংয়ে সেটা পাবেন না বলে উপলব্ধি করেছেন বিরাট। তৃতীয়ত, কোহলি ফর্মের দিক দিয়েও নিজের সেরা জায়গায় নেই, ‘খুব কম সময়ের মধ্যে একের পর এক কোহলির (নেতৃত্ব ছাড়ার) সিদ্ধান্ত সামনে আসে। (জাতীয় দলের) সাদা বলের নেতৃত্ব ছাড়া, আইপিএলের নেতৃত্ব ছেড়ে দেয়ার মতো এটাও (টেস্ট নেতৃত্ব ছাড়া) অপ্রত্যাশিত। আমার মনে হয় কোনওভাবে ও এটা নিশ্চিত করতে চেয়েছে যে, ওকে যেন নেতৃত্ব থেকে ছেঁটে ফেলতে না পারে। যখন ও বুঝতে পেরেছে ওর নেতৃত্ব সুরক্ষিত নয়, নিজেই ছেড়ে দিয়েছে দায়িত্ব।

মঞ্জেরেকার আরও বলেন, ‘অনিল কুম্বলের কোচিংয়েও কোহলি স্বচ্ছন্দ ছিল না। রবি শাস্ত্রী আসার পর ও খোলামেলা ছিল। এখন দ্রাবিড় আসার পরে ও হয়ত বুঝতে পারে যে, কতটা সমর্থন পেতে পারে নতুন লিডারশিপ টিমের কাছ থেকে। তাছাড়া, ওর ব্যাটিংও সেরা ছন্দে নেই। এই মুহূর্তেও কোনওভাবে সেরা পরিস্থিতিতে নেই। সুতরাং, সেটারও প্রভাব রয়েছে এমন সিদ্ধান্তের পেছনে।

প্রভাতনিউজ/এনজে