ঢাকা : জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৭৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় মারা যান প্রথিতযশা এ সাহিত্যিক।
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে বাবা মতিলাল চট্টোপাধ্যায় ও মা ভুবনমোহিনী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৯৪ সালে তিনি তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এনট্রান্স পাস করে এফএ ক্লাসে ভর্তি হন। ১৮৯৬ সালে অর্থাভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর তিনি চলে যান মিয়ানমারে।
শরৎচন্দ্রের সে সময়ের খসড়া অনেক গল্প যা পরবর্তী সময়ে প্রকাশিত হলে তিনি যশখ্যাতি পান। চন্দ্রনাথ, দেবদাস ওই সময়েরই লেখা। কলকাতা থেকে মিয়ানমার যাওয়ার সময় তিনি তার একটি গল্প মন্দির কুন্তলীন পুরস্কারের জন্য দাখিল করে যান। গল্পটি প্রথম পুরস্কার পায় এবং ১৩১০ বাংলা সালে কুন্তলীন পুস্তিকামালায় প্রকাশিত হয়।
মিয়ানমারে বসে তার রচিত বড়দিদি গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। শ্রীকান্ত, দেবদাস, দত্তা, পথের দাবী, দেনাপাওনা, বিরাজবৌ, বিন্দুর ছেলে, পরিণীতা, মেজদিদি, বৈকুণ্ঠের উইল, পল্লীসমাজ, চরিত্রহীন, গৃহদাহ, বামুনের মেয়ে ইত্যাদি তার জনপ্রিয় উপন্যাস। উপন্যাস ছাড়াও নাটক ও প্রবন্ধ রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রভাতনিউজ/এনজে





