আমি নির্বাচন করছি না : পরীমণি

বিনোদন: না, আমি নির্বাচন করছি না। আমাকে কোনও প্রচারণায় দেখেছেন? ব্যালট পেপারে নাম ও ছবি যুক্ত থাকলেও কিছু করার নেই। আমি যথাসময়ে সংশ্লিষ্টদের জানিয়েছি আমার অপারগতার কথা। ভোটের মাঠে বিজয়ী হলেও সেই বিজয় গ্রহণ করবেন না জানিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য প্রার্থীতা নিয়ে এভাবেই বললেন চিত্রনায়িকা পরীমণি।

এর আগে ১৫ জানুয়ারি পরীমণি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার জন্য নির্বাচন করতে পারছেন না তিনি। প্রত্যাহার করে নিয়েছেন নাম। একইদিনে কমিশনার পীরজাদা হারুন বলেন, শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। সেটা অতিক্রম হওয়ার পর আমরা পরীমণির বিষয়টি জানতে পারি। ফলে এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটে পরীমণির নাম থাকছেই।

তবে ব্যালট পেপারে নিজের নাম থাকলেও তিনি নির্বাচনে থাকছেন না স্পষ্ট ভাষায় জানিয়েছেন পরীমণি। বিজয়ী হলেও সেটি গ্রহণ করবেন না তিনি। তবে আজীবন বঞ্চিত শিল্পীদের পাশে থাকবেন। তাদের পাশে থাকতে হলে কোনও পদের দরকার পড়বে না বলে মনে করেন এই নায়িকা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিল পরীমণির। মনোনয়নপত্রও জমা পড়েছিল নির্বাচন কমিশনে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে—মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

প্রভাতনিউজ/এনজে