করোনা সনদ ছাড়াই কর্মস্থলে ফিরতে পারবেন

ঢাকা: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দিনে দিনে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেও কার শরীরে করোনা পজিটিভ ধরা পড়লে তাকে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, ১০ দিন পর উপসর্গ না থাকলে সরাসরি কর্মস্থলে ফিরতে পারবেন। এক্ষেত্রে কর্মীদের করোনা সনদ লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৩০ জানুয়ারি) দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব কথা বলেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, করোনা পজিটিভ ধরা পড়লে ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিচ্ছি। জ্বর, সর্দি ভালো হলে ১০ দিন পর তিনি কাজে ফিরতে পারবেন। আগে শর্ত হিসেবে আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ওমিক্রনের উপসর্গ হচ্ছে- কোনো ব্যক্তির নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, অবসন্নতা, হাঁচি, গলা ব্যথা, কাশি—এই উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাবেন। এখন শীতের কারণে ঠান্ডা লাগতে পারে। যে কারণে গলা ভেঙে গেছে বা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এই উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করিয়ে যার প্রয়োজন তাকে হাসপাতালে যেতে হবে, যার ক্ষেত্রে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা সম্ভব তিনি সেভাবে চিকিৎসা গ্রহণ করবেন।

করোনা মহামারির এই সময়ে ওমিক্রন বা ডেল্টা যাই বলেন না কেনো করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার কেনো বিকল্প।

প্রভাতনিউজ/এবিএস