বলিউডের প্রভাবশালী অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন। হিট সিনেমার পাশাপাশি ফ্লপ সিনেমাও রয়েছে তার। তবে সবকিছু পেরিয়ে দীপিকা পাড়ুকোন এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একেবারে প্রথমসারির অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ প্রশ্নই তোলেন না। কিন্তু ফ্যাশন সেন্সের কারণে সম্প্রতি তুমুল ট্রোলড হলেন তিনি।
‘গেহরাইয়ান’ সিনেমার ট্রেলারে অভিনয় দিয়ে যতটা মন কেড়েছিলেন দীপিকা, সিনেমার প্রচারে অদ্ভুত পোশাকের জন্য ততটাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন এই নায়িকা। একের পর এক প্রচার ভিডিওতে ফ্যাশন সেন্সের জন্য ট্রোল হয়ে চলেছেন তিনি। কেউ কেউ ট্রোল করে লিখেছেন, বিয়ের পর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে থাকতে থাকতে এমন ফ্যাশন সেন্স হয়েছে তার! কিন্তু সমস্ত মন্তব্যকে ছাপিয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির পোস্ট।
দীপিকার ফ্যাশন সেন্সকে দেখে তিনি লিখেছেন, নিউটন’স ল অফ বলিউড, ‘গেহরাইয়ান’ মুক্তির তারিখ যত এগোচ্ছে, পোশাক ততই ছোট হচ্ছে! অনেকেই এই পোস্ট দেখে ক্ষুব্ধ। কারও মতে, এমন ধরনের সেক্সিস্ট কমেন্ট করাও উচিত নয়!
বার্ডির পোস্ট দেখার পর চুপ করে থাকতে পারেননি দীপিকাও। ইনস্টাগ্রামের স্টোরিতে পাল্টা জবাবও দিয়েছেন নায়িকা। দীপিকা লিখেছেন, বিজ্ঞানীরা বলেন, বিশ্বের সৃষ্টির পিছনে রয়েছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। কিন্তু মোরনদের (মূর্খদের) কথা উল্লেখ করতে ভুলে গিয়েছিলেন।
প্রভাতনিউজ/এনজে




