যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা নিতে অস্বীকার করা সৈন্যদের দায়িত্ব থেকে সরিয়ে আলাদা রাখার কাজ শুরু হয়েছে।
বুধবার মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ক্রিস্টেইন ওয়ারমুথ এক বিবৃতিতে এই তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ইতোমধ্যেই বাহিনীর প্রত্যেক কমান্ডারকে নির্দেশ দেয়া হয়েছে তারা যেনো টিকা দিতে অস্বীকার করা এবং টিকা থেকে রেহাইয়ের বৈধ অনুমতিপত্র না থাকা সৈন্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আলাদা রাখেন।
এই নির্দেশ সকল সৈন্য, রিজার্ভে থাকা সৈন্য ও প্রশিক্ষণরত ক্যাডেটদের ওপর প্রযোজ্য হবে বলে বিবৃতিতে জানানো হয়।
ক্রিস্টেইন ওয়ারমুথ বলেন, ‘সেনাবাহিনীর প্রস্তুতি সৈন্যদের ওপর নির্ভর করে যাদের প্রশিক্ষণ, নিয়োগ, লড়াই ও আমাদের জাতির যুদ্ধ জয়ের জন্য প্রস্তুত করা হয়। টিকা না নেয়া সৈন্যরা সামরিক বাহিনীর জন্য ঝুঁকি বহন করে এবং তারা প্রস্তুতিকে বিপন্ন করে। আমরা সৈন্যদের মধ্য থেকে তাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে দেবো যারা টিকার আদেশ মানতে প্রত্যাখ্যান করেছে এবং টিকা থেকে রেহাই নেয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যাদের বিষয়ে নেই।’
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে সাত কোটি ৬৮ লাখ ৮২ হাজার দুই শ’ ৯০ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট নয় লাখ ১৭ হাজার ছয় শ’ জনের। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন চার কোটি ৭১ লাখ ১২ হাজার ছয় শ’ ২০ জন। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি।
প্রভাতনিউজ/এনজে





