ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের তারাকান্দার পশ্চিম তালদিঘী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই বোন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে আরাবিয়া (৮) ও রাবেয়া (৫)। তারা স্থানীয় তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দুই মেয়ে। তাদের মা রাস্তা পার হয়ে কাজে চলে গেলেও মেয়ে দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ময়মনসিংহগামী নীল-হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে সড়কে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়ে মরদেহ বুঝিয়ে দেয়া হয়।





