পিছিয়ে গেল নিপুণের আপিল শুনানি

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল করেছেন চিত্রনায়িকা নিপুণ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়। অভিনেত্রীর আবেদনের ওপর শুনানি বুধবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালতে হবে।

এদিন আপিল আবেদন শুনানির জন্য আদালতের কার্য তালিকায় তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা শুনানির জন্য বুধবার (৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করা হয়। শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।

নিপুণের পক্ষ থেকে তার আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে এ আবেদন করেন।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এছাড়া, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন আদালত।

একই দিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন জায়েদ খান। তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ ঘোষণা দেন। গত ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

প্রভাতনিউজ/এনজে