সুপার ওভারে জিতল অস্ট্রেলিয়া

খেলা: রোমাঞ্চকর লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো সুপার ওভারে। শেষ হাসি অস্ট্রেলিয়ার। শ্রীলঙ্কাকে হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা দুই জয়ে পাচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক অজি শিবির।

সিডনিতে রোববার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে শ্রীলঙ্কাও বিশ ওভারে তোলে ১৬৪ রান। উইকেট আটটি। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জিতে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে সুপার ওভারে বল করেন পেসার হ্যাজলউড। খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার শানাকা। প্রথম দুই বল ডট। তৃতীয় বলে রান নিতে গিয়ে রান আউট অপর প্রান্তের দিনেশ চান্দিমাল। পরের তিন বলে আসে চার রান। সব মিলিয়ে পাচ রান করে শ্রীলঙ্কা এক ওভারে। জবাবে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে নামেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। হাসারাঙ্গার প্রথম বলে সিঙ্গেল নেন ম্যাক্সওয়েল। পরের দুই বলে টানা চার হাকিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্টয়নিস।

এর আগে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার পাথুন নিশাঙ্কা। ৫৩ বলের ইনিংসে তিনি হাকান সাতটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক দাশুন শানাকা করেন ১৯ বলে ৩৪ রান। দিনেশ চান্দিমাল ১৯ ও হাসারাঙ্গা করেন ১৩ রান। বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার হ্যাজলউড।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান করেন জশ ইংলিস। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২৫, স্টয়নিস ১৯, ওপেনার ম্যাকডারমট ১৮ রান করেন। ম্যাক্সওয়েল করেন ১৫ রান। ১৫ বলে ১৪ করেন স্টিভেন স্মিথ। বল হাতে শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন দুশমন্থ চামিরা ও হাসারাঙ্গা।

আগামী ১৫ ফেব্রুয়ারি ক্যানবেরায় অনুষ্ঠিত হবে পাচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি।

প্রভাতনিউজ/এবিএস