আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ঢাদসিক)।
আজ সোমবার (২১ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বলিদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

দক্ষিণ সিটির প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা ফজলে শামসুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ঢাদসিক এর অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
প্রভাতনিউজ/এনজে





