আমরা কাউকে ভয় পাই না : ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর ঘন্টা কয়েক পরই ওই অঞ্চলে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই চাপের মধ্যেই মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব ভূমিতে আছি। আমরা কাউকে কোনো অবস্থাতেই ভয় পাই না।’

তিনি বলেন, ‘আমরা কারো কাছে ঋণী না এবং আমরা কাউকে কিছু দেব না।’

জেলেনস্কি বলেছেন, রুশ ফেডারেশনের পদক্ষেপ ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন। রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন, ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা বজায় থাকবে।

রাশিয়ার এ কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণাটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিনা প্ররোচনায় লঙ্ঘন’ এবং এ ঘটনায় ইউক্রেনের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাককেও সমর্থন করেছে দেশটি।

ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে। তথ্যসূত্র : আলজাজিরা।

প্রভাতনিউজ/এনজে