ছাড়পত্র পেল ‘গুণিন’ মুক্তি পাবে চলতি বছরেই

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম প্রথমবার চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজকে জুটি করে নির্মাণ করেছেন ‘গুণিন’ নামের সিনেমা। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমাটিতে রাবেয়া চরিত্রে পরীমণি ও রমিজ চরিত্রে শরিফুল রাজ অভিনয় করেছেন। খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

এই সিনেমার শুটিং করতে গিয়েই রাজ-পরীর পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। সিনেমার রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কি হয়? সিনেমাতেও কি তারা বাস্তবের মতো বাঁধতে পারবেন এমন সুখের সংসার? এমন সব প্রশ্নের উত্তর জানা যাবে ‘গুণিন’ দেখার পর।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন, তাদের কাছে সিনেমাটি ভালো লেগেছে। শিগগিরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমি আশাবাদী সিনেমাটি মুক্তি পেলে দর্শক উপভোগ করবেন।

জানা গেছে, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এছাড়াও রয়েছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

প্রভাতনিউজ/এনজে