গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২ স্থগিত করেছে জার্মানি

ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের ওপর ভিত্তি করে দেশটির নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন থেকে নিজেকে সরিয়ে নিয়েছে জার্মানি। জার্মান কর্তৃপক্ষ রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনকে তাদের দেশে কার্যক্রম চালানোর কোনো সার্টিফিকেট দিবে না। এছাড়া ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করেছে জার্মানি। গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, পূর্ব ইউক্রেনের দু’বিচ্ছিন্ন অঞ্চল (লুহানস্ক ও ডোনেটস্ককে) স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক‌ আইন ভঙ্গ করেছে। এর মাধ্যমে এ অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে।

তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার এমন পদক্ষেপ নেয়ার পর তাদের বিষয়ে একটি পুনর্মূল্যায়ন দরকার। আমাদেরকে দেশটির নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, রাশিয়ার নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনকে জার্মানিতে কোনো কার্যক্রম চালানোর বিষয়ে অনুমতি দেয়া হবে না। প্রশাসনিকভাবে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইকে অনুমোদন না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাশিয়া থেকে জার্মানিতে সরাসরি গ্যাস সরবরাহ করা জন্য নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হয়। তখন মার্কিন প্রশাসন ও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ এ নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের নিন্দা করেছে। তথ্যসূত্র : ইয়েনি শাফাক।

এনজে