দক্ষিণ আফ্রিকার উইকেটে সাধারণত ব্যাটারটা বেশি সহায়তা পেয়ে থাকে। তবে ব্যাপারটি নিয়ে ভেবে এখনই নিজের ওপর চাপ বাড়াতে চান না তাসকিন আহমেদ। বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকলেও সেটি জয় করে নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান তিনি।
কিভাবে দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের আটকানো যায় মঙ্গলবার বোলিং কোচ অ্যানাল ডোনাল্ডের কাছ থেকে সেটাই রপ্ত করেছেন তাসকিন। এরপর থেকেই এ পেসারের আত্মবিশ্বাসও বেড়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘‘বোলারদের জন্য তো একটু চ্যালেঞ্জ হবেই। আবার মজাও আছে। দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করা গেলে বিশাল আত্মবিশ্বাস পাওয়া যাবে। রান হবে ধরে নিলেই হবে না। এখানেও তো অনেক বোলার ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, ৫ উইকেট পেয়েছে। রান হবে। কিন্তু শুরুতেই এটা ভেবে নিলে বোলারদের জন্য চাপ সৃষ্টি হবে। আমরা চাইব এখান থেকেও ভালো করে যেন একটা জয় আনতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি।’
সঙ্গে যোগ করেন তাসকিন, ‘নতুন বলে একটু মুভমেন্ট থাকে। ব্যাটার যারা ব্যাট করেছেন, সেট হওয়ার পর একটু সহজ হয়েছে, ব্যাটে সুন্দর আসে। বল যত পুরনো হয়, সিমের ধার কমে, ব্যাটে তত সুন্দর আসতে থাকে।’
বল হাতে নিজে অবশ্য খুব ভালো ছন্দে নেই তাসকিন। সবশেষ ১০ ইনিংসে বল হাতে নিয়েছেন মোটে ১২ উইকেট। তবুও দক্ষিণ আফ্রিকায় ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কোনো ভাবনা নেই তার, ‘নির্দিষ্ট কিছু না। জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। শুধু পাঁচটা কেন? বেশিও হতে পারে, কমও হতে পারে। কিন্তু চাই যাতে দলে আমার অবদান থাকে। আমরা অবশ্যই অনেক আশাবাদী, ভালো কিছু হবে।’
আগামী শুক্রবার ওয়ানডে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে টিম বাংলাদেশ।
প্রভাতনিউজ/এনজে





