পর্দায় ফিরছে আমির-অনুষ্কা জুটি

আরও একবার একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন আমির খান ও অনুষ্কা শর্মা। স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পেওনস’-এর হিন্দি রিমেকে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন, কয়েকদিন আগে জন্মদিনে এমনটাই সুখবর দিয়েছিলেন অভিনেতা আমির খান। অবশ্য এই হিন্দি রিমেকে যে মিস্টার পারফেকসনিস্ট অভিনয় করতে চলেছেন সেই খবর মিলেছিল বেশ কিছুদিন আগেই। সেই জল্পনাতেই শীলমোহর দিয়েছেন অভিনেতা।

আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে আমিরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

জানা গেছে, এর আগেই ‘ক্যাম্পেওনস’-এর প্রি প্রোডাকশনের কাজ সেরে ফেলতে চান আমির। যাতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মুক্তি পর্ব মিটলেই শুটিং শুরু করতে পারেন তিনি। ইতিমধ্যেই নাকি ঠিক হয়ে গেছে সিনেমার কাস্টিং। এতে আমিরের নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন অনুষ্কা শর্মা।

বর্তমানে অনুষ্কা একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও আমিরের সঙ্গে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন আর এস প্রসন্ন। একদল বিশেষভাবে সক্ষমদের নিয়ে তৈরি হবে বাস্কেটবল টিম। অসম্ভবকে সম্ভব করে কিভাবে তৈরি হল সেই টিম। সেই গল্প নিয়েই আমিরের এই নতুন সিনেমা।

প্রভাতনিউজ/এনজে