ওয়েব দুনিয়ায় প্রথমবার ঋতুপর্ণা

‘কাল ত্রিঘোরি’ নামে একটি ওয়েব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলার টলি ‘কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভাইজানের আপন ভাই।

এই প্রথম কোনও খানের সঙ্গে ছবিতে অভিনয় করলেন ঋতুপর্ণা। একটি পুরনো হাভেলিতে শুটিং করলেন অভিনেত্রী। ছবিটি ভয়ের। সেই সম্পর্কে রয়েছে নানাবিধ সম্পর্কের টানাপোড়েন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে ঋতুপর্ণা বলেছেন, “এটা একটা ভয়ের ছবি। সব ধরনের রোমহর্ষক বিষয়বস্তু এই ছবিতে রয়েছে। আমি নিজে খুব একটা হরোর প্রিয় মানুষ নই। কিন্তু ছবি, গল্প দারুণ মাজাদার। সম্পর্কের জটিলতাও দেখানো হচ্ছে এই ছবিতে।”

শক্তিশালী এক নারী চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। চরিত্রের নাম মাধুরী। বলাই বাহুল্য, তিনিই ছবির প্রধান নারী চরিত্র। মাধুরী একজন পেন্টার। অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং করে সে।

যে অট্টালিকাসম বাড়িতে শুটিং হয়েছে সেটি তৈরি হয়েছে ১৯৩০ সালে। ফলে বাড়ির নিজস্ব রোমহর্ষক ব্যাপার রয়েছে। বাড়িটিও যেন ছবির চরিত্র হয়ে উঠেছে ভীষণরকম। হাভেলিটি রয়েছে রাজকোটে।

ঋতুপর্ণা বলেছেন, “দারুণ একটি বাড়িতে আমরা শুটিং করছি। বাড়িতে ইতিউতি ছড়িয়ে রয়েছে ইতিহাস।”

ঋতুপর্ণা জানিয়েছেন, শুটিংয়ের সময় বেশ কিছু ভৌতিক ঘটনাও ঘটেছে। বিশেষ করে রাতের দিকে নিস্তব্ধতায় ভয় করত নাকি খুব।

নতুন সহ-অভিনেতা আরবাজ নাকি ছিলেন ঋতুপর্ণার নয়া আবিষ্কার।

আরবাজ খানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ঋতুপর্ণা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আরবাজ খুবই নরম স্বভাবের মানুষ। ও খুব ডাউন টু আর্থ। আশাকরি আমাদের কেমিস্ট্রি দর্শকের ভালো লাগবে।’ সম্প্রতি ইনস্টাগ্রামে আরবাজ খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন ঋতুপর্ণা। ছবির ক্যাপশনে তিনি তার শুভকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রভাতনিউজ/এনজে