বিদ্যুৎ বিভাগের ‘স্বাধীনতা পুরষ্কার’ তুলে দেওয়া হলো প্রধানমন্ত্রীর হাতে

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ও মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ পেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে প্রতিমন্ত্রী পুরস্কারটি (পদক ও সনদ) প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনি। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে তার দূরদর্শী নেতৃত্ব ও নীতি-কৌশলের কারণে। তিনি ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন। নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করেছেন। সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। তাই এ অর্জনের স্মারক প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান।

প্রভাতনিউজ/এনজে