দুইশ সঙ্গী নিয়ে ঢাকায় সঙ্গীতশিল্পী এ আর রহমান

কনসার্টে অংশ নিতে আবারো ঢাকায় এলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। গতকাল রবিবার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন।
আরও জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ কনসার্টে থাকছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার সঙ্গে এই কনসার্টে অংশ নেবে তার দুইশ জন সঙ্গী। তারাও এই গায়কের সঙ্গে ঢাকা এসেছে। এছাড়া, এই আয়োজনে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ মার্চ) হতে যাচ্ছে এ কনসার্ট। আজ সোমবার (২৮ মার্চ) মিরপুরে রিহার্সাল করবেন। পরদিন হবে তার কনসার্ট। তিন ঘণ্টারও বেশি সময় পারফর্ম করবেন অস্কারজয়ী শিল্পী।

শেরে বাংলা স্টেডিয়ামের এই কনসার্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, প্রায় ১৫ হাজার দর্শককে এই আয়োজন দেখার সুযোগ করে দেয়া হবে। দর্শকদের জন্য টিকেট কেটে কনসার্টে প্রবেশের ব্যবস্থা করছে বিসিবি।

কনসার্টটির টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেট-মূল্য সর্বোচ্চ ধরা হয়েছে ১০ হাজার টাকা, আর সর্বনিম্ন এক হাজার টাকা।

এক বিবৃতিতে টিকেটের মূল্য প্রকাশ করে বিসিবি জানিয়েছে, আজ সোমবার (২৮ মার্চ) থেকে শুরু হয়ে আগামীকাল সকাল পর্যন্ত চলবে টিকেট বিক্রি। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকেট পাওয়া যাবে।

মোট তিনটি ক্যাটাগরির টিকেট ছেড়েছে বিসিবি। প্রিমিয়াম গোল্ডের টিকেটের মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার, আর ব্রোঞ্জ এক হাজার টাকা। এর মধ্যে প্রিমিয়াম ও গোল্ড টিকেটে মাঠে বসেই দেখা যাবে কনসার্টটি। আর, এক হাজার টাকার টিকেটে দেখা যাবে গ্যালারি থেকে। এ কনসার্টে প্রথম স্লটে পারফর্ম করবেন বাংলাদেশের শিল্পীরা। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।

এর আগেও বিসিবি এ আর রহমানকে উড়িয়ে এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই গুণী সঙ্গীতশিল্পী।

প্রভাতনিউজ/এনজে