জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ (২৯ মার্চ) ঢাকায় কনসার্টের মধ্য দিয়ে বাংলাদেশ মাতাবেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার সন্ধ্যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন অস্কারজয়ী এই শিল্পী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও গান গাইবেন।
এ আর রহমান মানেই ভিন্ন কিছু। সারা বিশ্বের যে প্রান্তেই তিনি পা রেখেছেন, দর্শকের উন্মাদনা দেখা গেছে সব দিকে। ঢাকায় তার আকাশচুম্বী জনপ্রিয়তা নতুন কিছু নয়। ক্রিকেটীয় নানা উৎসবে এর আগেও মিরপুরে দেখা গেছে এই মহাতারকাকে। এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সেরে রেখেছে বিসিবি। স্টেডিয়ামের বিরাট অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থীর বসার ব্যবস্থা।
সন্ধ্যা পৌনে ৬টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সঙ্গীতপিপাসুরা বিকেল ৩টা থেকেই নির্ধারিত টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবে। স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবে ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া পাঁচ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্রিকেটের প্রতি তার আবেগ-অনুভূতি সব সময়ই শীর্ষে। জাতীয় ক্রিকেট দলের অনেক ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি বিসিবির কনসার্টসহ নানা আয়োজনে প্রায়ই শামিল হতে দেখা যায় তাকে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।





