শুটিং শুরু করলেন আমিনুল হক আমীন

দীর্ঘ বিরতির পর আমিনুল হক আমীন শুরু করলেন শুটিং। বাংলাদেশের গ্রুপ থিয়েটার অঙ্গনের বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব, একাধারে মঞ্চ, টেলিভিশন, বেতার ও চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, নাট্য পরিচালক, প্রযোজক, অভিনয় প্রশিক্ষক এবং “মুক্তালয় নাট্যাঙ্গন” এর প্রতিষ্ঠাতা দল প্রধান আমিনুল হক আমীন ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন। এরই মধ্যে দুই শতাধিক একক, ধারাবাহিক টিভি নাটক ও টেলিফিল্ম এ অভিনয় করেন। তাঁর কমেডি চরিত্রে অভিনিত ৭টি চলচ্চিত্র ইতিমধ্যে রিলিজ হয়েছে। অভিনয় করেন বাংলাদেশ বেতারের বহু নাটকে। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত অনেকগুলো বিদেশি সিরিয়ালের বিভিন্ন চরিত্রে ডাবিং করছেন নিয়মিত। কিন্তু শুটিং থেকে দূরে ছিলেন বেশ ক’বছর। কভিড-১৯ করোনা মহামারীকাল এবং থিয়েটার নিয়ে ব্যস্ততা তাঁর টিভি নাটক থেকে দূরে থাকার কারণ। এবারের ঈদ উল ফিতরের পরপরই ০৬ মে ২০২২ থেকে ০৮ মে ২০২২ তারিখ পর্যন্ত সিলেট মৌলভীবাজারের বড়লেখার গ্রামাঞ্চলে শুটিং করে ঢাকায় ফেরেন। শহিদুল ইসলাম প্রিন্স প্রযোজিত ও পরিচালিত শান্তা পাল রচিত নাটক “বিজলী” এবং তপন কুমার দেব রচিত নাটক “এইট পাশ”। ক্যামেরায় ছিলেন মুক্তি রহমান, ক্যামেরা সহকারী রিপন। মেক আপ আর্টিস্ট রেবতী দাস।