সীতাকুন্ডে আগুন নিয়ন্ত্রনে

ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টায় বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।

শাহাদাত হোসেন বলেন, ফায়ার সার্ভিসকর্মীরা প্রত্যেকটি কনটেইনার খুলে চেক করছেন। কনটেইনারগুলো থেকে ফের আগুনের সূত্রপাত হতে পারে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর ১টি কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।