বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণের আইনি লড়াই চলছে। এ নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি পিছিয়ে আগামী রোববার (১২ জুন) ধার্য করা হয়েছে।
সোমবার (৬ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে। এর আগে গত ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ।
জায়েদ খানের আইনজীবী মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ জায়েদ খান ও নিপুণ আক্তারকে কঠোরভাবে পালন করতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে চার সপ্তাহের জন্য শুনানি মুলতবি করা হয়।
পরবর্তীতে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ২৫ এপ্রিল এক আদেশে শুনানি ২৩ মে পর্যন্ত মুলতবি করেন। এ অবস্থায় নির্ধারিত দিনে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসলে আদালত শুনানির দিন পিছিয়ে আজকের দিন ঠিক করে দেন। এবার ধার্য হলো নতুন দিন।





