যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেলো ঢাকা-বরিশাল রুটের নৌ সার্ভিস এমভি গ্রিন লাইন-৩। বেশ কয়েকটি সংকটের সম্ভাব্যতায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ঢাকা প্রান্ত থেকে নির্ধারিত সার্ভিসটি স্থগিত করা হয়।
এর আগে সোমবার রাতে গ্রিন লাইনের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা-কালীগঞ্জ-ভোলা (ইলিশা) রুটের এমভি গ্রিন লাইন-২ নিয়মিত চলাচল করবে।.
গ্রিন লাইনের বরিশাল কাউন্টারের হিসাবরক্ষক আল-আমিন জানান, সার্ভিসটি আপাতত বন্ধ থাকবে। তবে এটা স্থায়ীভাবে বন্ধ করার কোনো ঘোষণা দেওয়া হয়নি। তিনি আরও জানান, পদ্মা সেতু চালও হওয়ার পর নৌ-পথে যাত্রী কমে গেছে। মূলত এ কারণেই আপাতত সার্ভিসটি স্থগিত করা হয়েছে।
গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার ওয়েজের জেনারেল ম্যানেজার মো. আব্দুস ছাত্তার জানান, ঈদের পরে ১শ’ যাত্রীও হচ্ছিল না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি, ভাড়া কমালেও যাত্রী আশানুরূপ বাড়বে না। এছাড়াও বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ উত্তোলন নিয়েই শঙ্কা রয়েছে। ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব। ক্যাটামেরান সার্র্ভিস অব্যাহত রাখা অসম্ভব।
আব্দুস ছাত্তার বলেন, এমভি গ্রিন আইন-৩ এ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেটি মেরামত করতে ডকইয়ার্ডে নিতে হবে। এতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। তবে আবারও সার্ভিসটি চালু করা হবে কিনা এখনই আমরা বলতে পারছি না।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ক্যাটামেরান সার্ভিসের দুটি ওয়াটারওয়েজ জাহাজ নিয়ে ঢাকা-হিজলা-বরিশাল রুটে দিবা সার্ভিস শুরু করে গ্রিন লাইন পরিবহন। সার্ভিসটি চালুর পর তুমুল জনপ্রিয়তা পায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের এক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে সার্ভিস বন্ধের ঘোষণা দেওয়া হয়।





