বিশ্বকাপের এক মাস আগে আদালতে যেতে হবে নেইমারকে

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। সেখান থেকে ২০১৭ সালে পিএসজিতে চলে আসেন। কিন্তু এখনো সান্তোস ছেড়ে আসার মাশুল গুনতে হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। স্প্যানিশ আদালত তার পিছু ছাড়ছেই না। তাকে আবারও শুনানিতে ডেকেছেন আদালত।

মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে আবারও আদালতে যেতে হবে নেইমারকে। কর কর্তৃপক্ষের অভিযোগ, ব্রাজিল থেকে স্পেনে আসার সময় কর ফাঁকি দিয়েছেন এই তারকা ফুটবলার।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, নেইমারকে দুই বছরের কারাদণ্ড ও ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হোক। এল প্যারিসের তথ্যমতে, আগামী ১৭ অক্টোবর বার্সেলোনায় শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউসন বিশ্বাস করে, ৮.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড।

এর বাইরে একই অভিযোগে নেইমারের বাবার দুই বছর ও মা’র এক বছর কারাদণ্ড চায় কর কর্তৃপক্ষ। অভিযোগ আনা হয়েছে বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট বার্তামুয়ে ও সান্তোসের তৎকালীন প্রেসিডেন্ট রসেলের বিরুদ্ধেও।