পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দলের কেউ নন, তার বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না’- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, ‘তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরতো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন, আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ তো নয়, সেটা তিনি (আব্দুর রহমান) সঠিক বলেছেন।’
তিনি বলেন, ‘তিনি (পররাষ্ট্রমন্ত্রী) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, সেটা ঠিক আছে। কিন্তু যেহেতু আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কেউ নন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, তাকে দেয়নি।’
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই দায়িত্ব তার কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তার বক্তব্য ডিসট্রটেড, তিনি কী বলেছেন, গণমাধ্যমে কী এসেছে.. সেটা আপনারা দেখেছেন। তিনি কী বলেছেন সেটা তিনিই জানেন। তিনি যদি কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে কিছু আলাপ করে আসেন; সেটার দায়ভার তার, দল বা সরকারের নয়।’





