শুধু লাভ করলেই হবে না, আমাদের মানবিকও হতে হবে: হেলাল উদ্দিন

আমরা দোকান মালিক, আমাদের শুধু লাভ দেখলেই চলবে না কিছুনা মানবিকও হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান-মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার খুলনার রয়্যাল ইন্টারন্যাশনালে আয়োজিত কার্যনির্বাহী সভায় তিনি এ আহ্বান করেন। এসময় তিনি বলেন, আমাদের সকলকে এক থাকতে হবে, তাহলে আমাদের যেকোন সমস্যার সমাধান সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির যেকোন প্রয়োজনে আমি এবং আমার প্রতিষ্ঠান সব সময় প্রস্তুত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মোঃ জহিরুল হক ভূঁইয়া। এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা বিভাগের কার্যানির্বাহী কমিটি ঘোষণা করেন সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। সকলকে স্বাগত জানান তিনি।

মত বিনিময় অনুষ্ঠানে নিজেদের নানান সংগতি-অসংগতি এবং দাবি-দাওয়া তুলে ধরেন সমিতির বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দরা।

সভায় ভ্যাট ও আয়কর, দোকান বন্ধের সময়সূচী রাত ৯টা পর্যন্ত বাড়ানো, সাধারণ সভার সময় নির্ধারন-বিষয়ে  আলোচনা হয়। অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে রাজধানীতে সাধারণ সভা আয়োজন করা এবং ডিসেম্বরের মধ্যে নেপালে আন্তর্জাতিক বিপনন সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। এই আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুরসহ সবকটি বিভাগের প্রায় তিন শতাধিক শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।