প্রধানমন্ত্রীর হাতকে আমরা আরও শক্তিশালী করবো: হেলাল উদ্দিন

ব্যবসা এবং ব্যবসায়ীবান্ধব প্রধানমন্ত্রীর হাতকে আমরা আরো শক্তিশালী করবো বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান-মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি ১৯৭৫ সালে ১৫ ই আগস্টে  নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে নৃসংশ এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং দোষীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি দেয়ার দাবি জানান তিনি।

মোহাম্মদ হেলাল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এতোটাই ব্যবসায়ী  বান্ধব ছিলেন যে সরকার গঠনের পর পর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন গড়ে তোলেন। যার সুফল আমরা আজও ভোগ করে চলেছি।

একইভাবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যবসায়ীদের উন্নয়নে, সহযোগিতায় সব সময় সচেষ্ট আছেন। আমরা নেত্রীর উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ সবকটি বিভাগের প্রায় তিন শতাধিক শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং বঙ্গবন্ধু কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দরা।