রাজধানীর কামরাঙ্গীর চর হাসাননগর ভাণ্ডারী মোড় এলাকার একটি বাসা থেকে এক প্রতিবন্ধীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফজল মিয়া (৫০)। পেশায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন। রংপুর জেলার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল বারী।
সত্যতা নিশ্চিত করেছেন কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক এসআই অনিরুদ্ধ রায়। তিনি বলেন, খবর পেয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভাণ্ডারী মোড়ে লিটনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের তালা ভেঙে ফ্লোর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, মৃত ব্যক্তির দুই হাত নেই। তিনি প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষাবৃত্তি করতেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী ও পরিবার নিয়ে ওই বাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃত ব্যক্তির শরীর অর্ধপচা অবস্থায় ছিল। এটি একটি হত্যাকাণ্ড কি না তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।





