আবারো বিশ্বসেরা হবে মেসি

গত মৌসুমে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। নামের প্রতি করতে পারেননি সুবিচার। বিবর্ণ পারফরম্যান্সের কারণে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো তার জায়গা হয়নি ব্যালন ডি’অরের মনোনয়নে। এসব পেছনে ফেলে মাঠের খেলায় ছন্দ খুঁজে পেয়েছেন মেসি।

পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরও বিশ্বাস করেন, মেসি ফিরবে তার সেরা রূপে, আবারো বিশ্বসেরা হবেন তিনি।

লিগ ওয়ানে শনিবার রাতে নিসের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১২ ম্যাচে গোল করেছেন ৭টি। আর সতীর্থকে দিয়ে তো একের পর এক গোল করাচ্ছেন তিনি।

পিএসজিতে প্রথম মৌসুম ভুলে যেতে চাইবেন মেসি। বার্সেলোনা ছেড়ে এসে প্রথম মৌসুমে লিগ ওয়ানে ২৬ ম্যাচে করেন ৬টি গোল। সবমিলিয়ে করেন ১১ গোল। এবারের ব্যালন ডি’অরের মনোনয়নেও জায়গা হয়নি মেসির। অবশ্য বিবর্ণ সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন মেসি।

গতরাতে নিসের বিপক্ষে ম্যাচের পর মেসিকে নিয়ে কথা বলেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তার মতে, এভাবে পারফর্ম করতে হলে আবারো বিশ্বসেরা হবেন মেসি। ফরাসি এই কোচ আরো বলেছেন,'(মেসি বিশ্বসেরা হতে পারবেন কিনা) অবশ্যই, যদি সে অবিশ্বাস্য ফর্মে থাকে। সে ভালোমতো প্রস্তুত। সে ভালো আছে আর যখন খুশি থাকলেই সে পারফর্ম করে। প্রতিদিন সকালে তাকে অনুশীলনে দেখে আমার খুব ভালো লাগে। সে মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে, খুব খুশি। সে নিঃস্বার্থ খেলোয়াড়, যে খেলার গতিপথ নির্ধারণ করে দেয় এবং সবসময় গোল করে। নিসের বিপক্ষে সে আবার গোলের স্বাদ পেয়েছে।