জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি-রপ্তানি শুল্কায়ন কাজে ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সব ধরনের কাজ ১২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) আইসিটি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, আগামী ১৪ অক্টোবর (শুক্রবার) রাত ৮টা থেকে ১৫ অক্টোবর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি জরুরি বিধায় সব কর্মকর্তা ও অংশীজনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ নামের ওই সফটওয়্যারের মাধ্যমেই বিদেশ থেকে পণ্য আমদানি করার পর শুল্কায়ন থেকে শুরু করে সবকিছুই করা হয়। এই সফটওয়্যারের আওতায় দেশের সব বন্দর কাজ করে থাকে।
বর্তমানে ঢাকার কাকরাইলে এনবিআরের কার্যালয় থেকে সফটওয়্যারটি নিয়ন্ত্রণ করা হয়। কোনো চালান ছাড়তে না চাইলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় এই সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম বন্ধ করা হয়।





