জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় পার্টি নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো তার এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জিএম কাদের বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকারের সমর্থকরা। সরকার সমর্থক এসব সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হয় না। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি।
একই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।





