বাংলা সিনেমার পালে বর্তমানে সুবাতাস বইছে। হলবিমুখ দর্শকরা আবার ফিরতে শুরু করেছে সিনেমা হলে। আর এই প্রজন্মের বেশ ক’জন তারকা শিল্পী মাতিয়ে রেখেছেন দর্শকদের। তাদেরই একজন সিয়াম আহমেদ। একের পর এক ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই তারকা।
তারই ধারাবাহিকতায় এবার অপ্রতিরোধ্য ফুটবলার হয়ে পর্দায় আসলেন সিয়াম। মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার ‘আমি দুর্জয়, বুঝি না ডর ভয়, মাঠে নামি চল দামালের দল…’ কথার গানে দেখা মিলল তার। এই সিনেমায় দুর্জয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।
এর আগে, সিনেমার প্রথম গান ‘ঘুর ঘুর পোকা’ উন্মুক্ত হয় গত ২৬ সেপ্টেম্বর। যেখানে দেখা মিলে রাজ-মিমের। ‘আমি দুর্জয়’ শিরোনামের এবারের গানে থাকছে সিয়ামের চোখজুড়ানো ফুটবল ডেডিকেশন আর মন মাতানো গান। প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সংগীতে ছিলেন আরাফাত মহসিন নিধি।
সিনেমার নির্মাতা রায়হান রাফি বলেন, ‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। আশা করি, “পরাণ” যারা দেখেছেন তারা আরও বড় চমক পাবেন এই সিনেমায়।’
স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দামাল’র কাহিনি। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম। আরও আছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমিসহ অনেকে। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় আগামী ২৮ অক্টোবর ‘দামাল’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।





