পুনরায় উন্মুক্ত ব্যাচেলর পয়েন্টের বিতর্কিত পর্বগুলো

বর্তমান সময়ের বাংলা নাটকের যে কজন তরুণ নির্মাতা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কাজল আরেফিন অমি। তবে খুব অল্প সময়েই যে তিনি নির্মাণের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তা ঠিক বলা যাচ্ছে না। এর জন্য বেশ পরিশ্রম, মেধা এবং সততা দিয়েই নিজেকে একজন সফল নির্মাতা হিসেবে গড়ে তুলেছেন। তার অনন্য কাজ দিয়ে হয়েছেন আলোচিত এবং প্রশংসিত আবার সমালোচিতও হয়েছেন।

তার নির্মিত সিঙ্গেল নাটকের সংখ্যা আসলে এখন আর গণনায় আনা যাচ্ছে না। অসংখ্য নাটক তিনি উপহার দিয়েছেন দর্শকদের। এই সিঙ্গেল নাটকের বাইরে বলতে গেলে আলোচনার তুঙ্গে রয়েছে নাটকটি সেটি আর বলার অপেক্ষা রাখে না। হুম পাঠক, একদম ঠিক ধরেছেন ‘ব্যাচেলর পয়েন্ট। দীর্ঘ এই ধারাবাহিক নাটকটির দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে একের পর এক সিজন নির্মাণ করে যাচ্ছেন তিনি।

দর্শকরা নিজ উদ্যোগে মানববন্ধন করে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন দেখার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে সিজন-৩ এর পর তিনি নাটকটির সিজন-৪ নির্মাণ করেন।

তবে সম্প্রতি প্রচার হওয়া এ নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়।

নেটিজেনদের আপত্তির মুখে সেসব পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায়-চতুর্থ সিজনের ৭৪, ৭৫, ৭৬ ও ৭৭তম পর্ব মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ধ্রুব টিভির ভেরিফায়েড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যদিও এর আগে বিতর্কিত সংলাপ কিংবা পর্বগুলো নিয়ে নির্মাতা অমি তার নির্মাণের ব্যাখ্যা দিয়েছেন। ঠিক কি কারণে যৌনকর্মীর ছেলে বলা হয়েছিল।

এবার দর্শকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হলো নাটকের সেই পর্বগুলো। বিতর্কিত পর্বগুলো এখন ইউটিউবে দেখা যাচ্ছে নতুন করে। এ প্রসঙ্গে নির্মাতা অমি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে জানান দেন।

প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্টে অভিনয় করে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা আলোচনায় রয়েছেন। তাদের চরিত্রগুলোও পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। বিশেষ করে কাবিলা, হাবু ভাই, পাশা ভাই নাটকটির কল্যাণে ভাইরাল চরিত্র। কাবিলার প্রেমিকা চরিত্র রোকেয়াও সবার মনে জায়গা করে নিয়েছে মজার মজার সংলাপের কারণে।