ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীকে আসামি করে পুলিশের মামলা

গত শনিবার বিকেলে ময়মনসিংহ রেল স্টেশনে আওয়ামী লীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টাধাওয়া ও পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে কোতোয়ালী পুলিশ। এতে ২৩ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।  

কোতোয়ালী থানার ওসি শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম এ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয় রাস্তায় জনগণের চলাচলে বাধা, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের হয়। ঘটনার সময় তিন পুলিশ সদস্য আহত হয় বলে উল্লেখ করা হয়।  
   
সূত্রগুলো জানায়, বিকেলের দিকে বিএনপি’র নেতাকর্মীরা রেলস্টেশনে প্রবেশকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় তিন পুলিশসহ একজন আওয়ামী লীগ নেতা আহত হন।