ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে ছাত্র অধিকার সভাপতির মামলার আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই আবেদন করেন ।

মামলায় অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান আদালত।

মামলার আবেদনে বলা হয়েছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে স্মরণ সভা করে ছাত্র অধিকার পরিষদ।এ সময় তাদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়।

মামলার ১৪ আসামিরা হলেন- মাহবুব খান, রফিকুল ইসলাম বাঁধন,তানভীর হাসান সৌকত, ফয়সাল মাহমুদ, আমিনুর রহমান, নাজিম উদ্দিন,রুবেল হোসেন, শাকিল মিয়া, রনি মোহাম্মদ, নাহিদ হাসান, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা।

এদিকে, এই ঘটনায় গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠায় আদালত।

ঢাবি ও ঢামেকে মারামারির ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও আমিনুর রহমান ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে দুটি পৃথক মামলা করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শুরুর পরপরই ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এরপর আহতরা চিকিৎসার জন্য ঢামেকে গেলে সেখানেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনসহ অন্তত ২২ জনকে আটক করে পুলিশ।