২০২৩ সালের ৫ জানুয়ারি পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। সেই লক্ষ্যে এখন থেকে দল গোছানো শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠানটি নিজেদের নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের লোগো প্রকাশ করেছে। এদিন দলের আইকন ক্রিকেটারকেও গণমাধ্যমের সামনে নিয়ে এসেছে সিলেটের এই ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে টেনে নিয়ে দল গোছাচ্ছে সিলেটের এই ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএলে দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি মাশরাফীর সঙ্গে দলে টেনেছে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে।
বিপিএলের সর্বশেষ আসরে এই পাকিস্তানি ক্রিকেটার খেলতে আসেননি। এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে আবার বিপিএল মাতাবেন আমির। এই দুই ক্রিকেটারের সঙ্গে আরও তিন শ্রীলঙ্কান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজিটি। সেই তিন লঙ্কান ক্রিকেটার হলেন, থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা।
সিলেট স্ট্রাইকার্স দলের ম্যানেজমেন্টেও দেশিদের দায়িত্ব দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির টিম ম্যানেজার হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। সহকারী কোচের দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ। সাবেক ক্রিকেটারদের মধ্যে নাজমুল ইসলাম, ডলার মাহমুদ, সৈয়দ রাসেলরাও আছেন কোচিং প্যানেলে। বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের তারকা পেসার হাসিবুল হোসেন শান্ত আছেন উপদেষ্টা কমিটিতে।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির একদল ক্রিকেট পাগল বাংলাদেশি ফিউচার স্পোর্টস লিমিটেডের মাধ্যমে প্রথমবার বিপিএলে দল কিনে দেশের ক্রিকেটের উন্নতির চেষ্টা করছেন। যে কোম্পানিটির চেয়ারম্যান সারওয়ার চৌধুরী, এমডি হেলাল উদ্দিন ইউসুফ। পরিচালকদের মধ্যে রয়েছেন জগলুল হুদা, নাঈম খন্দকার, ইমাম হাসান, রাজিব খান, সাইফুর রাজা চৌধুরি।





