সিনেমায় অভিনয় করবেন শাজাহান খান এমপি (ভিডিও)

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। রাষ্ট্রীয় অনুদানে নির্মিতব্য ‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রটির কাহিনীকারও তিনি।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) চলচ্চিত্রটির নির্মাণ সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় শাজাহান খান এমপি তার লিখিত বক্তব্যে বলেন, ‘‘আপনাদের সাথে আমার পরিচয় একজন দেশপ্রেমিক ও রাজনীতিবিদ হিসেবে। তবে আজ এক ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো ‘জয় বাংলা ধ্বনি’ নামে নির্মিতব্য চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে। আমার বিশ্বাস, চলচ্চিত্রটির মাধ্যমে বাঙালি জাতি জয় বাংলা স্লোগানের উৎস খুঁজে পাবে। সেই সাথে মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে জানতে পারবে।’’ এ সময় তিনি ইতিহাসের আরও অনেক অজানা তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাজাহান খান এমপি বলেন, জয় বাংলা নিয়ে অনেকেই অনেক ধরণের কথা বলেন। আসলে বাস্তবতা তা নয়। এ বিষয়টিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ববোধ থেকেই চলচ্চিত্রটির কাহিনী রচনা করেছি। দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা ছবিটি দেখুন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানুন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুন, লালন করুন।

‘জয় বাংলা ধ্বনি’-তে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রজীবনে আমি নাটক করতাম। ওই বয়স থাকলে এই ছবিতে বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করতাম। এখন মোটামুটি যে চরিত্রটা করা সম্ভব সেটিই করবো। এই চলচ্চিত্রটি বাঙালি জাতিকে আমি উপহার হিসেবে দিতে চাই।