তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান : নাঈম

নব্বই দশকে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন নাঈম-শাবনাজ। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ভালোবেসে ঘর বাঁধেন তারা। সাফল্যের চূড়ায় থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান।

বড় পর্দায় এই জুটির দেখা না মিললেও সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রতিনিয়ত তাদের দেখা, জানার সুযোগ পাচ্ছেন অনুরাগীরা। আজ (২৯ অক্টোবর) শাবনাজের জন্মদিন। বিশেষ এই দিনটিতে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নাঈম।

সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ছবি পোস্ট করে নাঈম লিখেছেন, শাবনাজকে জন্মদিনের শুভেচ্ছা।

প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, তোমার (শাবনাজ) মতো একজন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা সুস্বাস্থ্য এবং হেদায়েত দান করুন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২ অক্টোবর মুক্তি পায় এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাটি। এতেই জুটি বেঁধে বড় পর্দায় পথচলা শুরু করেন নাঈম শাবনাজ। প্রথম সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তীতে প্রায় ২০টির মতো সিনেমায় পর্দা শেয়ার করেন তারা।

নাঈম-শাবনাজ জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘দিল’, ‘সোনিয়া’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’’, ‘অনুতপ্ত’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘জিদ’ অন্যতম।