রাষ্ট্রপক্ষের আবেদনে মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।
বুধবার (২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান বলেন, রোববার চেম্বার আদালতে এ আবেদেনের ওপর শুনানি হবে। ওইদিন পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
এর আগে, গত ৩১ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ গোল্ডেন মনিরকে জামিন দিয়েছিলেন।
মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি। এ থেকেই মনির পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ হিসেবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ নভেম্বর রাজধানীর বাড্ডায় নিজ বাসা থেকে মনিরকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে সোনা, বিদেশি পিস্তল, মদ, বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও অনুমোদনহীন গাড়ির জব্ধ করা হয়। পরে র্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে ৩টি মামলা করেন মনির।
গত বছরের ২০ জানুয়ারি অস্ত্র ও মাদক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে অস্ত্র মামলায় ওই বছরেরই ২৩ আগস্ট অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
এ মামলায় বিচারিক আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৩১ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দেন।





