ফেইক ফিল্ডিং’ নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক : আকাশ চোপড়া

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে বেশ কিছু বিতর্কের জন্ম হয়েছে। সেগুলোর অন্যতম বিরাট কোহলির ফেইক ফিল্ডিং। যা আইসিসির আইনে শাস্তিযোগ্য। এতে বাংলাদেশ ৫ রান পেনাল্টি পেত এবং ম্যাচটিতে বাংলাদেশ ৫ রানেই হেরেছে।

এই ঘটনা নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে তুমুল বিতর্ক। সেই বিতর্কে এবার যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক আকাশ চোপড়া।

একজন ভারতীয় হয়েও তিনি বাংলাদেশের অভিযোগকে সঠিক বলে মনে করছেন। আকাশের মতে, ‘বাংলাদেশ সঠিক বিষয় নিয়েই অভিযোগ জানাচ্ছে। ওটা শতভাগ ফেইক ফিল্ডিং ছিল। কোহলি বল হাতে না নিয়েও থ্রো করার ভঙ্গি করেছিল। মাঠে থাকা দুই আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার যদি ব্যাপারটা দেখত, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশ ৫ রান পেনাল্টি হিসেবে পেত। কিন্তু তেমন কিছু ঘটেনি। কারণ, আম্পায়ারের চোখ থেকে এত বড় ঘটনা এড়িয়ে গিয়েছে। ‘

যদিও ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে টুইট করেছিলেন, ‘আমার বাংলাদেশের বন্ধুদের বলব, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেইক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না। ‘ কিন্তু আকাশ চোপড়া মনে করেন, ভারত এ যাত্রায় বেঁচে গেল। তিনি আরও বলেছেন, ‘বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তারা ৫ রান পেত। আর আমরাও ৫ রানে ম্যাচ জিতেছিলাম। ভারতীয় দল এই যাত্রায় বেঁচে গেলেও এর পর থেকে আম্পায়ারদের আরও সতর্ক হতে হবে। ‘