আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলে পাঠানোর এখনও কোনো চিন্তাভাবনা সরকারের নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের আগে কারাগারে পাঠানোর এখনও কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই। তবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে…।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাহী আদেশ যেকোনো সময় ব্যবহার করা যায় বা বাড়ানো যায়।
এসময় সংবিধান সংশোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা ১৯৭২ সালের মূল সংবিধানের অনেক কিছুই ফিরে পেয়েছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আরও কিছু ফিরে পাওয়ার চেষ্টা করেছি। তবে সেখানে কিছুটা বাধা-বিপত্তি এসেছে। আমরা বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছি।
সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বিচারপতি (অব.) সামসুদ্দিন চৌধুরী মানিক, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রমুখ।





