পাক বোলারদের চাপে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। যার দরুন পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। ফলে পাকিস্তানি বোলারদের চাপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কেন উইলিয়ামসনের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল ব্যাটিং করছেন।

বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই পাক পেসার শাহিন শাহ আফ্রিদির ঝলকে পরাস্ত হন ফিন অ্যালেন। যদিও প্রথম বলে মিড অন দিয়ে চার মেরে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটারই। তবে এলবিডব্লিউ ফাঁদে পড়ে মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

দ্বিতীয় ওভারে নাসিম শাহর বলে দুটি চার মারেন কনওয়ে, দুটিই মিডউইকেট দিয়ে। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে আরও দুবার এলবিডব্লুর আবেদন করেছেন আফ্রিদি। তবে আম্পায়ার তার ডাকে সাড়া না দেওয়ায় সফল হননি এই বাঁহাতি বোলার। হারিস রউফ চতুর্থ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটারদের কোনো বাউন্ডারি হতে দেননি।

পঞ্চম ওভারে চতুর্থ পেসার হিসেবে মোহাম্মদ ওয়াসিম বোলিংয়ে এসেও বাউন্ডারি দেননি। তবে ষষ্ঠ ওভারের প্রথম বলে কাভারের ওপর দিয়ে চার মেরে রউফের সঙ্গে ম্যাচআপে নিজেকে এগিয়ে নিয়েছিলেন কনওয়ে। তবে শেষ বলে সে সবের বাইরে গিয়ে রানআউট হয়ে ফিরতে হলো তাকে। লেংথ বলে মিডঅফে খেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন কনওয়ে। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন শাদাব খান। কনওয়ে ডাইভও দেননি, ফিরেছেন ২০ বলে ২১ রান করে।

এরপর আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন ফিলিপসও। ইনিংসে ৮ বলে মাত্র ৬ রান করেন এই ব্যাটার।