বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। মূলত চোখের চিকিৎসার জন্য রোববার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে নতুন খবর হচ্ছে, চোখের চিকিৎসা শেষে বুধবার (৯ নভেম্বর) রাতে দেশে ফিরছেন এই শিল্পী। বর্তমানে তিনি ছেলে মাশরুর পারভেজকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মাশরুর পারভেজ বলেন, “আজ রাতে আমরা দেশে আসব। বাবার চিকিৎসা শেষ হয়েছে। কিন্তু মার্চে আবার যেতে বলেছেন চিকিৎসক। তখন আমরা আবার বাবাকে নিয়ে আসব।”
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়ার সময় সোহেল রানা রাজনীতির সঙ্গে যুক্ত হন। মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। নাম লেখান বীর মুক্তিযোদ্ধাদের তালিকায়।





